লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দুবাইয়ে ড্রোন ডিপোতে ইরানি হামলার দাবি

প্রকাশিত: 28 মার্চ 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেন সংশ্লিষ্ট একটি অ্যান্টি ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। হামলায় অন্তত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যদিও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা যায়নি।

আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেন, দুবাইয়ে অবস্থানরত মার্কিন সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর পাশাপাশি ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন প্রযুক্তির একটি গুদামকে নিশানা করা হয়। তিনি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন বা পশ্চিমা কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি দাবি করেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানি বাহিনী ধ্বংস করেছে। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরান সংঘাতের পর তেহরান তাদের প্রতিরক্ষা কৌশলে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের দাবি ও পাল্টা সামরিক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে এবং আঞ্চলিক সংঘাত বিস্তারের আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে।

 

সূত্র: তাসনিম নিউজ, মেহের নিউজ

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman