লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানের বাসিজ প্রধান নিহত, দাবি ইসরায়েলের

প্রকাশিত: 17 মার্চ 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রিত আধাসামরিক সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান ইরান যুদ্ধের মধ্যে সোমবার রাতে চালানো এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, সোলাইমানির মৃত্যু ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে তারা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে নিহত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চলছে। বিভিন্ন হামলায় একাধিক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার খবর সামনে এসেছে।

বিশ্লেষকদের মতে, বাসিজ ফোর্স ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। সরকারবিরোধী আন্দোলন বা সম্ভাব্য বিদ্রোহ নিয়ন্ত্রণে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এর নেতৃত্বে আঘাত হানার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করার কৌশল নিতে পারে প্রতিপক্ষ।

চলমান সংঘাতে সামরিক অবকাঠামোর পাশাপাশি নেতৃত্ব পর্যায়কে লক্ষ্যবস্তু বানানো যুদ্ধের নতুন ধারা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman