দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, উভয় পক্ষের জন্যই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার ১২ এপ্রিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, এক বিবৃতিতে তিনি বলেন, চলমান সংলাপকে এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। আলোচনার মাধ্যমেই একটি টেকসই শান্তি ও স্থিতিশীলতার পথ তৈরি হতে পারে, যা শুধু এই অঞ্চলের জন্য নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
ইসহাক দার আরও জানান, ভবিষ্যতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ সহজ করতে পাকিস্তান তার মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে। তিনি উভয় পক্ষের কাছ থেকে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার পর কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। প্রায় ২১ ঘণ্টার এই আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও মূল ইস্যুগুলোতে সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্ট করেছে, তবে ইরান তা গ্রহণ করেনি বলেই চুক্তি সম্ভব হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রায় ৪৭ বছর পর সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এর নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনায় হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।
যদিও এই দফায় কোনো চুক্তি হয়নি, তবুও সরাসরি সংলাপ চালু থাকা নিজেই বড় কূটনৈতিক অগ্রগতি। পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা ভবিষ্যতে আলোচনার পথ খোলা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
