রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাহিম মিয়া (১৫) কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো।
মাহিমের ভগ্নিপতি মো. রাফি বলেন, ‘রোববার রাত ১০টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কিছু বলতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ”এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
