লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালিত, সম্মাননা প্রদান

প্রকাশিত: 04 মে 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার ডে উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি দরবার গ্রহণ করেন। এ সময় তিনি বিশ্বব্যাপী সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তিনি ফায়ার সার্ভিসের চলমান উন্নয়ন কার্যক্রম, অপারেশনাল সক্ষমতা এবং সাম্প্রতিক উদ্ধার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

মহাপরিচালক জানান, ১ মে থেকে চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

দ্বিতীয় পর্বে সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত হন।

এমন আয়োজন ফায়ারফাইটারদের মনোবল বাড়ানোর পাশাপাশি জনসেবামুখী কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman