দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ছয়জন মাওবাদী নিহত হয়েছেন। দশকের পর দশক ধরে চলা এই সশস্ত্র বিদ্রোহ সাম্প্রতিককালে স্থগিতের ঘোষণা দিলেও, নয়াদিল্লির নির্দেশে চলমান দমন অভিযানের অংশ হিসেবে এই সংঘর্ষ ঘটেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ দল মাওবাদী নেতাদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেই সময় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা কয়েক ঘণ্টা ধরে চলে। পরবর্তীতে সার্চ অপারেশনে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। অস্ত্র, গুলি ও বিস্ফোরক পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বিজাপুরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিতেন্দ্র যাদব বলেন, এই অভিযানে কোনো নিরাপত্তাকর্মী আহত হয়নি। একইসঙ্গে বিজাপুরের অন্যান্য এলাকায় আরেকটি অভিযানে একজন আহত মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বছর ছত্তিশগড়ে মোট ২৫৯ জন মাওবাদী নিহত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিজাপুরের জঙ্গলাঞ্চল মাওবাদীদের শক্ত ঘাঁটি। ২০১০ সাল থেকে এখানে বহু সংঘর্ষ হয়েছে, যাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ স্থগিত ঘোষণা সত্ত্বেও ভারত অভিযান অব্যাহত রেখেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অভিযানে নিরপরাধ গ্রামবাসীদের ক্ষতির আশঙ্কা রয়েছে।
