লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হামে বাড়ছে উদ্বেগজনক পরিস্থিতি, গত ২২ দিনে আক্রান্ত ৭৬১০, মৃত্যু ১১৩

প্রকাশিত: 05 এপ্রিল 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশজুড়ে মিজেলস বা হাম সংক্রমণ নিয়ে উদ্বেগ দ্রুত বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং এ সময় মৃত্যু হয়েছে ১১৩ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টাতেই নতুন করে ১০ জনের মৃত্যু এবং ৯৭৪ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম ভাইরাস নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১১৩ জন শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫৯ জন শিশু, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে রোগটি নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টার চিত্রও উদ্বেগজনক। এ সময়ে সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং পরীক্ষায় ৪২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছে ৩৮ জন রোগী।

মৃত্যুর দিক থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। সেখানে হাম সন্দেহে মারা গেছে ৫৫ জন। একই সময়ে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি, অভিভাবকদের অসচেতনতা এবং কিছু এলাকায় টিকা কভারেজ কমে যাওয়ায় সংক্রমণ বাড়তে পারে। দ্রুত টিকাদান জোরদার এবং শিশুদের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman