দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কক্সবাজার, শনিবার : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শনিবার সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি ভিআইপি গেট দিয়ে বের হলে ঝুম বৃষ্টির মধ্যেও উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সফরের প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিমানবন্দর থেকে খাল এলাকা পর্যন্ত সড়কের দুপাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাজারো মানুষকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
পাতলী খালটি বাংলাদেশের খাল পুনঃখনন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, পাতলী খাল ছিল তার অন্যতম অংশ। ১৯৭৯ সালের নভেম্বরে তিনি নিজেই এই খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন।
পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্প কেবল একটি স্থানীয় উদ্যোগ নয়; এটি সরকারের বৃহৎ জাতীয় খাল পুনঃখনন কর্মসূচিরও অংশ। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। দিনশেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস
