দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের আমিরের কাছে বাংলাদেশের সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোহায় দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দোহা সফররত হুমায়ুন কবির কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি প্রায় সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় কাতারের ভূমিকার প্রশংসা করা হয়। প্রয়োজনে বাংলাদেশ সহযোগিতা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতারের আমিরের সহায়তার বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের ভূমিকারও প্রশংসা করা হয়।
সফরের অংশ হিসেবে হুমায়ুন কবির কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাম্প্রতিক পারিবারিক শোকের ঘটনায় সমবেদনা জানান। একই সঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দোহায় অবস্থানকালে তিনি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। জানা গেছে, কাতার সফরের পর উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ সফরের পরিকল্পনা রয়েছে তার।
বাংলাদেশের নতুন সরকারের অধীনে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা ভবিষ্যৎ সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।
