লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত: 08 ফেব্রুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায় আর কে চায় না।

রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

বক্তব্যে তিনি বলেন, “যেভাবে দেশ ও রাষ্ট্র এতদিন পরিচালিত হয়েছে, যারা সেই ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট।” তিনি বলেন, যারা সংস্কার চান তারা হ্যাঁ ভোট দেবেন, আর যারা চান না তারা না ভোট দেবেন। “আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই হ্যাঁ ভোট দেবো”—এই আহ্বান জানান তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তিনি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছেন এবং তাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। রাষ্ট্রে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথাও তিনি তুলে ধরেন।

জনসাধারণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আর মাত্র কয়েক দিন পরই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—দেশ আগের পথে চলবে, নাকি নতুন পথে এগোবে। তিনি প্রশ্ন রাখেন, মানুষ কি নতুনভাবে দেশ পরিচালনা দেখতে চায় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমান একজন তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির পরিবর্তে নতুন নেতৃত্ব সামনে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীও একজন তরুণ হওয়া উচিত, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিতে পারবেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman