লোড হচ্ছে...
লোড হচ্ছে...

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন ১২ কোটির বেশি নাগরিক

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।

ইসি জানায়, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। পাশাপাশি ভোটার তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় নির্বাচনী ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

আসনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এ আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। বিপরীতে, ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা সবচেয়ে কম, যেখানে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ, ভোটকেন্দ্র নির্ধারণ এবং জনবল নিয়োগের কাজ দ্রুত এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের এবার সংসদ নির্বাচন ও গণভোটে আলাদা দুটি সিদ্ধান্ত দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা ও সময় প্রয়োজন হতে পারে বলে আগেই সতর্ক করেছে ইসি।

নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের বিষয়েও কমিশন স্পষ্ট অবস্থান নিয়েছে। ভোটারদের এনআইডি সংগ্রহ, উপহার বা সুবিধার প্রতিশ্রুতি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে পুনরায় সতর্ক করা হয়েছে। প্রার্থিতা সংক্রান্ত কোনো আইনি জটিলতা বা আদালতের নির্দেশনা এলে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছে কমিশন।

বিশ্লেষকদের মতে, নতুন ভোটার ও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এবারের নির্বাচনকে ভিন্ন মাত্রা দেবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman