এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।
ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে।’
তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমা।
বিশাল জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরানো ষড়যন্ত্র। অনেকের নাম্বার সংগ্রহ করা হচ্ছে।
বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হলেও, চব্বিশে রিকশাচালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন- এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি প্রধান।
এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে।
১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে- এমন আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে নির্দেশ দেন তারেক রহমান।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৪টার দিকে নারায়ণগঞ্জে সমাবেশস্থলে এসে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। ৪টা ১১ মিনিটে সমাবেশস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে তারেক রহমানের বক্তব্য শুনতে তীব্র শীত উপেক্ষা করে গভীর রাতে সমাবেশস্থলে অপেক্ষা করতে দেখা যায় বৃদ্ধ নারী-পুরুষদের। ধানের শীষ ধান দিয়ে নানা সাজে সজ্জিত হয়ে এসেছিলেন সমর্থকরা। তাদের প্রত্যাশা তারেক রহমান আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নে হাল ধরবেন।
