দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
এগারো দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকাল তিনটায় রাজধানীতে মাওলানা মামুনুল হকের নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রস্তাবিত গণভোট এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় নির্বাচনকালীন পরিবেশ, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি গণভোটকে ঘিরে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও জনসচেতনতা তৈরির প্রসঙ্গও উঠে আসে।
নাহিদ ইসলাম বৈঠকে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সব গণতান্ত্রিক ও ইসলামপন্থি দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ জরুরি। একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে মাওলানা মামুনুল হক বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে শান্তিপূর্ণ পথেই এগোতে হবে। জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন একটি নির্বাচন ও গণভোটই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি মত দেন।
বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হলেও রাজনৈতিক অঙ্গনে এর তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচন সামনে রেখে বিরোধী ও জোটসঙ্গী দলগুলোর ধারাবাহিক যোগাযোগ ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
