লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনবিএফআই আমানত ফেরত দাবি, কেন্দ্রীয় ব্যাংকে স্মারকলিপি

প্রকাশিত: 06 মে 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের ছয়টি অবসায়ণাধীন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা আমানত দ্রুত ফেরতের দাবিতে এলায়েন্স অফ ৬ NBFI ডিপোজিটর্স ফর রিকভারি (Alliance of 6 NBFIs Depositors for Recovery) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে। বুধবার (৬ মে) জমা দেওয়া এই স্মারকলিপিতে ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত আমানতকারীর পক্ষে জরুরি পদক্ষেপ চাওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গত সাত বছর ধরে কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় আমানতকারীরা চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে পড়েছেন। অনেকেই ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ গুরুতর অসুস্থতায় চিকিৎসা করাতে পারছেন না। অর্থাভাবে চিকিৎসা না পেয়ে ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

আমানতকারীদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় দ্রুত সমাধানের জন্য তিন দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই ২০২৬ সময়সীমা অনুযায়ী অর্থ ফেরতের একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরত এবং প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের সরাসরি সাক্ষাতের সুযোগ।

আমানতকারীদের পক্ষে জাফর উল্লাহ খান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মানবিক ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সংকট সমাধানে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ না নিলে আর্থিক খাতে আস্থার সংকট আরও বাড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman