দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কারাবন্দী ভারতীয় অধিকারকর্মী উমর খালিদকে লেখা একটি চিঠি প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। বিষয়টিকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে বলেন, নিউইয়র্কের মেয়রের উচিত অন্য দেশের বিষয়ে মন্তব্য না করে নিজের দায়িত্বে মনোযোগ দেওয়া। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর বিচারব্যবস্থার স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিদের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ অনভিপ্রেত।
গত বছরের ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরকালে উমর খালিদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জোহরান মামদানি। এরপর খালিদকে লেখা ওই চিঠিতে তিনি সহমর্মিতা প্রকাশ করেন। কয়েক দিন আগে খালিদের পরিবার চিঠিটি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উমর খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেপ্টেম্বর থেকে কারাবন্দী। তাঁর বিরুদ্ধে আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্টের আওতায় মামলা রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট তাঁর জামিন আবেদন খারিজ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা ইউএসসিআইআরএফ দাবি করেছে, ধর্মীয় অধিকারের পক্ষে সোচ্চার হওয়ার কারণেই খালিদ নিপীড়নের শিকার হচ্ছেন। সংস্থাটি ভারতের ধর্মীয় সংখ্যালঘু নীতিকে অসহিষ্ণু আখ্যা দিয়ে দেশটিকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে।
উল্লেখ্য যে, ভারত কিন্তু তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে প্রতিনিয়তই নানান মন্তব্য করে থাকে যার বেশিরভাগই ওই দেশগুলোর মানুষ প্রত্যাখ্যান করে থাকে।
