লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল ব্যাহত, উদ্ধার কাজ চলছে

প্রকাশিত: 18 মার্চ 2026

100 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন রুটের রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাগবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনায় ট্রেনটির ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্লিপার ভেঙে গেছে এবং লাইনের পাত দুমড়ে মুচড়ে যাওয়ায় দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে উল্লেখযোগ্য সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে একদিকে হেলে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং ছাদ থেকে পড়ে আহত হন। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মাঝপথে আটকে পড়া হাজারের বেশি যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাদিজা খাতুন জানান, দুর্ঘটনার কারণে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সান্তাহার থেকে বগুড়া হয়ে রংপুরগামী মিটারগেজ লাইন সচল আছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঈদ মৌসুমে যাত্রীচাপের সময় এ ধরনের দুর্ঘটনা রেল ব্যবস্থাপনার নিরাপত্তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দ্রুত লাইন সংস্কার না হলে উত্তরাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman