দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার ৩ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের আপিল বিভাগে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘ সময় ধরে যুক্তি-তর্ক চলে। শুনানি শেষে আপিল বিভাগ জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করেন। ফলে বহাল থাকে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা।
একইভাবে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগ তোলা হয়। জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। এ মামলাতেও উভয় পক্ষের আইনজীবীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আপিল বিভাগ অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে রায় দেন এবং সরোয়ার আলম চৌধুরীর প্রার্থিতাও বহাল রাখেন।
এই রায়ের ফলে চট্টগ্রাম-৪ এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির দুই প্রার্থীই নির্বাচনী মাঠে থাকতে পারছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং সংশ্লিষ্ট আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলবে।
