লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুদ্ধবিরতি অনিশ্চয়তায় তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

প্রকাশিত: 09 এপ্রিল 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সাময়িকভাবে দাম কমলেও নতুন করে উদ্বেগ বাড়ায় বাজারে অস্থিরতা ফিরে এসেছে।

বিশ্ব জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৭ মার্কিন ডলারে পৌঁছায়। এর আগে যুদ্ধবিরতির ঘোষণার পর এক দিনে প্রায় ১৬ শতাংশ কমে দাম ৯২ ডলারের কাছাকাছি নেমে এসেছিল। একই সময়ে এলএনজির দামও প্রায় ১৮ শতাংশ কমে যায়, যা আমদানিনির্ভর দেশগুলোর জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হয়।

বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, চলমান সংঘাতের কারণে অপরিশোধিত তেল আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং সরকারি পরিশোধনাগারের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় খোলাবাজার থেকে উচ্চ দামে জ্বালানি কিনতে হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যুদ্ধবিরতির ফলে আটকে থাকা প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল দেশে আসার পথ খুলছে। বিশ্ববাজারে দাম কমায় আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ কমবে এবং ডলার সাশ্রয় হবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি স্থায়ী না হলে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এশিয়ার দেশগুলো উপসাগরীয় জ্বালানির ওপর বেশি নির্ভরশীল হওয়ায় মূল্যবৃদ্ধির চাপ সবচেয়ে বেশি পড়েছে এই অঞ্চলে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে পারস্য উপসাগরে আটকে থাকা তেল ও এলএনজিবাহী ট্যাংকারগুলো ধীরে ধীরে দেশের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানির দাম এখন পুরোপুরি ভূরাজনৈতিক পরিস্থিতিনির্ভর। যুদ্ধবিরতি কার্যকর থাকলে মূল্য স্থিতিশীল হতে পারে, তবে সামান্য উত্তেজনাও আবার বড় মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি করছে।

 

সূত্র: বিবিসি

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman