দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। বিমানবন্দরে অবতরণের পরপরই প্রয়োজনীয় মেডিকেল প্রটোকল অনুসরণ করে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়।
রোববার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে আছে এবং ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে সেগুলো স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।
ডা. সায়েদুর রহমান আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয় এবং চিকিৎসার সব প্রস্তুতি নিশ্চিত করা হয়। তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহর রহমত থাকলে তিনি অন্তত একটি মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।
