দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানায়, ইসহাক দার বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন এবং জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির শীর্ষ নেতৃত্ব খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় পাকিস্তানের অংশ নেয়ার খবর প্রচারিত হলে তড়িঘড়ী করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও একই দিনে ঢাকায় আসবেন। তিনি ভারতের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিবেশী দুই দেশের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিদের একসঙ্গে ঢাকায় আগমন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অবস্থানের প্রতিফলন।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে তাঁকে দাফন করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও আন্তর্জাতিক মহল থেকে ধারাবাহিকভাবে শোকবার্তা আসছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন অনেকে।
