দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের অনাগ্রহের বিষয়ে এবার সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। চিঠিতে বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে পাকিস্তান বোর্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আইসিসিকে পাঠানো ওই চিঠির অনুলিপি সংস্থাটির বোর্ড সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন এক সময় এই চিঠি পাঠানো হলো, যখন বুধবার বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভায় বসার কথা রয়েছে।
২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। তবে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। এ কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহে ঢাকায়। কিন্তু এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি। আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে চাইলেও বিসিবি বলছে, বর্তমান বাস্তবতায় ভারতে খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়।
এর আগে গুঞ্জন ছিল, পাকিস্তান বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নিজস্ব অংশগ্রহণ নিয়েও ভাবতে পারে পিসিবি। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান বোর্ড।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবির এই অবস্থান আইসিসির সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।
