লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিরাপত্তাহীনতা ও জ্বালানি সংকটে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

প্রকাশিত: 23 মার্চ 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশজুড়ে জ্বালানি সরবরাহ সংকট ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সব পেট্রল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে “অত্যন্ত সংকটাপন্ন” বলে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেল কোম্পানিগুলো থেকে দৈনিক যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অতিরিক্ত চাপের কারণে পাম্প কর্মচারীরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন বলেও জানানো হয়।

সংগঠনটির অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পাম্পগুলোতে বিশৃঙ্খলা বাড়ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি দিনে একাধিকবার জ্বালানি নিচ্ছেন এবং বাইরে বেশি দামে বিক্রির অভিযোগও উঠেছে। এতে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং সরবরাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে জোরপূর্বক জ্বালানি নেওয়ার ঘটনাও ঘটছে। ঠাকুরগাঁওয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তেল লুটের অভিযোগ তুলে সংগঠনটি জানায়, পরিস্থিতি অব্যাহত থাকলে পাম্প মালিকদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এদিকে ডিপো থেকে তেল পরিবহনের ক্ষেত্রেও ঝুঁকি বেড়েছে বলে দাবি করা হয়েছে। ট্যাংকার লুটের আশঙ্কা তৈরি হওয়ায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার চাপ একসঙ্গে পরিস্থিতিকে জটিল করে তুলছে। দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman