দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান।
অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ বাজতে থাকলে প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুল দেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খালি পায়ে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে আসেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
