দ্য সিভিলিয়ানস | বিনোদন ডেস্ক ।
ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে গত কয়েক দিন ধরে নানা গুঞ্জনে সরগরম ছিল চলচ্চিত্রপাড়া। কলকাতার নায়িকা বাদ পড়া, শুটিং বন্ধ হয়ে যাওয়া কিংবা মুক্তি অনিশ্চিত— এমন খবর ছড়িয়ে পড়ায় বিভ্রান্ত হন দর্শক ও সিনেপ্রেমীরা। অবশেষে এসব গুঞ্জনে স্পষ্ট অবস্থান জানালেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এক বিবৃতিতে জানায়, ‘প্রিন্স’ নিয়ে ছড়ানো খবরগুলো ভিত্তিহীন গুজব। নানা প্রতিবন্ধকতা থাকলেও টিম পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। আগামী ৬ জানুয়ারি থেকে আবারও সিনেমাটির শুটিং শুরু হবে। সময়মতো সিনেমার ফার্স্ট লুক ও পোস্টার প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার পরিকল্পনা রয়েছে। একজন হিসেবে তাসনিয়া ফারিণের নাম নিশ্চিত। দ্বিতীয় নায়িকা নিয়ে জল্পনা থাকলেও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নিজেই তা গুজব বলে নাকচ করেছেন। এদিকে, দেশীয় অভিনেত্রী সাবিলা নূরের নাম আলোচনায় আসায় ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত ‘প্রিন্স’ সিনেমায় থাকছে ক্রাইম, অ্যাকশন ও আবেগের মেলবন্ধন। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই বড় পর্দায় মুক্তি পাবে শাকিব খানের বহুল আলোচিত এই সিনেমা।
