দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ১৯ জানুয়ারি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়। এ হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জন বর্তমানে কারাগারে থাকলেও ১৬ জন এখনো পলাতক রয়েছেন। বিচার শুরুর মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।
অভিযোগ গঠনকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকে আদালতের মূল প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালানো হয়। পরিচয়পত্র যাচাই করে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংবাদমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি টহল দলও আদালত এলাকায় মোতায়েন হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটে।
