দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো একদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপে তিনি বলেন, “তফসিল ঘোষণার আর বেশি দেরি নেই। ডিসেম্বরের প্রথমার্ধের যে কোনো দিনই তফসিল ঘোষণা হয়ে যাবে। সেটা আপনারা জানতে পারবেন।”
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল-বিকাল দুই ভাগে ৮১টি নিবন্ধিত দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ হয়।
পর্যবেক্ষকদের উদ্দেশে কমিশনার সানাউল্লাহ বলেন, অতীতে পর্যবেক্ষকদের প্রতিবেদন থেকে ইসি খুব বেশি উপকৃত হয়নি, বয়সসীমা ২১ বছরে নামানো হয়েছে কিন্তু তরুণ পর্যবেক্ষকদের যোগ্যতা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে পাঁচ বছরের নিবন্ধন দেওয়া হয়। এই সময়ে তারা একটি জাতীয় ও অন্তত চারটি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। জাতীয় নির্বাচনের পর ৭ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও দ্বিবার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, ইভিএম প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় ত্বরান্বিত করা হয়েছে।
