লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যশোরে তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

63 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যশোরে হঠাৎ করে জেঁকে বসেছে তীব্র শীত। হাড় কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গত তিন চার দিন ধরে শীতের প্রকোপ বাড়তে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।

শুক্রবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস। সকাল থেকে উত্তরের বাতাস ও ঘন কুয়াশার কারণে বেলা বাড়লেও সূর্যের তাপ খুব একটা অনুভূত হয়নি। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝিরঝিরে কুয়াশা পড়তে দেখা গেছে।

শহরের ধর্মতলা এলাকার রিকশাচালক শিমুল হোসেন বলেন, শীতে হাত পা অবশ হয়ে যাচ্ছে। ঠিকমতো ব্রেক ধরাও কষ্টকর হয়ে পড়ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। খড়কি এলাকার রিকশাচালক নূর হোসেন জানান, রিকশা না চালালে সংসার চলবে না। তাই কষ্ট হলেও রাস্তায় নামতে হচ্ছে।

তীব্র শীতে উদ্বিগ্ন অভিভাবকরাও। বেজপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ বলেন, সকালে সন্তানকে স্কুলে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ার ভয় রয়েছে।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। হাসপাতালে জ্বর, সর্দি কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা গরম কাপড় ব্যবহার ও গরম পানি পান করার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ঢাকায় তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি। আগামীতে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, ফলে শীতের তীব্রতাও বাড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman