দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩০ লক্ষের বেশি ফলোয়ার থাকা এই পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোতে সংঘবদ্ধভাবে কপিরাইট স্ট্রাইক এবং রিপোর্ট দেওয়া হয়েছে। এর ফলেই তাঁর অফিসিয়াল ভেরিফায়েড পেজটি সরিয়ে নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদের দাবি, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তাঁর পেজের বিরুদ্ধে সংগঠিত রিপোর্টিং করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই একযোগে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়, যা পেজ রিমুভের মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ওসমান হাদি সংশ্লিষ্ট কনটেন্টকে কেন্দ্র করে আরও অনেক ব্যবহারকারীর আইডি ও পেজ সমস্যায় পড়ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা দাবি করছেন, ধারাবাহিক রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের কারণে একাধিক ভিডিও ও পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট ভিডিওগুলো একইভাবে রিমুভ করা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের আরেক মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যার কথা জানা গেছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘবদ্ধ রিপোর্টিংয়ের অপব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
