লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রকাশিত: 26 ডিসেম্বর 2025

66 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলছিল।

এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শহীদ ওসমান বিন হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ। গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে আসছিলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।

শাহবাগ অবরোধে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার চাই হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমরা সবাই হাদি হব’ সহ নানা স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ওসমান হাদির আদর্শ সামনে রেখে সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন থামবে না বলেও ঘোষণা দেন তিনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman