দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি দাবি করেছেন, দেশকে অস্থিতিশীল করা, অরাজকতা সৃষ্টি এবং আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এই হত্যার নির্দেশ দিয়েছেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিলটি আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার মতে, এই হত্যাকাণ্ডের পেছনে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এখনো বিশ্বাস করে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরলে দেশজুড়ে আনন্দের জোয়ার বইবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এবং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু।
