লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ছেলে এনসিপি’র প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপি’র জন্য

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে দেখা গেছে বিরল এক রাজনৈতিক দৃশ্য। ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে যেখানে ছেলে মাহবুব আলম ভোটের লড়াইয়ে নেমেছেন, সেখানে তাঁর বাবা আজিজুর রহমান প্রকাশ্যে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহবুব আলম শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। এসব পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

বিষয়টি স্বীকার করে আজিজুর রহমান বলেন, পরিবার তাঁর ব্যক্তিগত বিষয় হলেও রাজনীতি আদর্শের জায়গা। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তবে বাবা হিসেবে তিনি ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে, তবে এ নিয়ে মন্তব্য করার পরিবর্তে বাবার কাছেই প্রশ্ন করতে অনুরোধ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা নির্বাচনী রাজনীতিতে আদর্শিক অবস্থান ও পারিবারিক সম্পর্কের জটিল বাস্তবতাকেই তুলে ধরছে। স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman