লোড হচ্ছে...
লোড হচ্ছে...

২২ বছর পর খুলনায় তারেক রহমান

প্রকাশিত: 02 ফেব্রুয়ারী 2026

117 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে পৌঁছালে নেতা-কর্মী ও সমর্থকদের উচ্ছ্বসিত করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। এ সময় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের বিএনপির ধানের শীষ প্রতীকের ১৪ জন সংসদ সদস্য প্রার্থী মঞ্চে উপস্থিত ছিলেন। খুলনার ছয়টি আসনের পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সব আসনের প্রার্থীরাও এই জনসভায় অংশ নেন।

এর আগে সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সকাল সাড়ে ৯টা থেকেই খুলনার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। হাতে ধানের শীষের প্ল্যাকার্ড, মুখে স্লোগান ‘ভোট দিব কিসে, ধানের শীষে’—স্লোগানে মুখর থাকে পুরো মাঠ। বাদ্যযন্ত্রের তালে তালে চলে প্রচারণা।

বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

খুলনায় তারেক রহমানের এটি প্রথম জনসভা নয়। সর্বশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে তিনি খুলনায় এসেছিলেন। প্রায় দুই দশক পর তাঁর এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

খুলনার জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। যশোরের কর্মসূচি শেষে সেখান থেকেই ঢাকায় ফেরার কথা বিএনপি চেয়ারম্যানের।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু হয়। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২২টি নির্বাচনি সমাবেশে অংশ নেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman