দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চলের তিন জেলায় আজ শনিবার ৭ ফেব্রুয়ারি সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় জনসভায় অংশ নেবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় জনসভাটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ঠাকুরগাঁওয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে দলের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের সরাসরি উপস্থিতি এসব পরিকল্পনা বাস্তবায়নে গতি আনবে বলে তারা আশা করছেন।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান নীলফামারীতে আরেকটি জনসভায় যোগ দেবেন। এরপর দিনাজপুরের বিরামপুরে যাবেন তিনি। বিরামপুরে তারেক রহমানের নানাবাড়ি হওয়ায় এলাকাটির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সফরের শেষ পর্যায়ে সেখানে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করার কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা আজকের জনসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই স্পষ্ট হবে।
উত্তরাঞ্চলে এই সফরকে বিএনপির নির্বাচনী প্রচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
