লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মিয়ানমার সীমান্তের গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফার মৃত্যু

প্রকাশিত: 07 ফেব্রুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ান্স। নিউজ ডেস্ক।

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী জানান, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি সবার কাছে তার ভাতিজির জন্য দোয়া চেয়েছেন।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। সে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। ঘটনার পর প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে তার মাথায় বিদ্ধ গুলিটি ঝুঁকির কারণে অপসারণ করা সম্ভব হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় জানান, অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হলেও শিশুটির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে সহিংসতা আরও বেড়েছে। সরকারি জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও গোলাগুলির ঘটনা নিয়মিত ঘটছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। টেকনাফের বিভিন্ন স্থানে গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে, কখনো গুলি এসে পড়ছে বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতে।

হুজাইফার মৃত্যুর ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শিশুটির মৃত্যুর খবরে টেকনাফজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পৃথক শোকবার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে নিরস্ত্র সাধারণ মানুষের জীবন আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে সীমান্ত নিরাপত্তা জোরদার ও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman