লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন উপলক্ষে দুদিন বন্ধ থাকবে দোকান ও শপিংমল

প্রকাশিত: 07 ফেব্রুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল টানা দুদিন বন্ধ থাকবে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটগ্রহণের দিন নাগরিকদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্তের আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে ১১ ফেব্রুয়ারি থেকে সব দোকান ও শপিংমল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে ব্যবসায়ীদের প্রতি।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনকালীন নির্বাহী আদেশে সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে। এই ছুটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman