দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা ছিল। তারেক রহমানের আগমনে সেটি পূরণ হবে।
বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরার প্রভাব ইতিবাচক হবে। সামনে জাতীয় নির্বাচন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরায় এই প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখভাল করছে। এ ক্ষেত্রে সরকার বিএনপির চাওয়া অনুযায়ী সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল আলম বলেন, বিষয়টি বুধবার রাতের। তবে পদত্যাগের কারণ এখনো তিনি জানতে পারেননি।
এর আগে গির্জায় বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার ও উৎসব নিরাপদ ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন—এটাই প্রকৃত গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।
