দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ট্রাকে করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রমজানে ট্রাকসেলের আওতায় নিয়মিত পণ্য হিসেবে ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হবে। তবে প্রতিটি পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে টিসিবি।
সংস্থাটি আরও জানিয়েছে, রমজান শুরু হওয়ার আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম চালু হতে পারে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে নির্ধারিত পয়েন্টে এসব ট্রাক অবস্থান করবে।
টিসিবির এই উদ্যোগের লক্ষ্য হলো রমজানে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী দামে নিশ্চিত করা। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাজারে চাহিদা বাড়ায় কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। এ পরিস্থিতিতে সরাসরি ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে সংস্থাটি।
