লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আদানির সাথে করা চুক্তির শর্তগুলো পুনর্বিবেচনার ভাবনা চলছে

প্রকাশিত: 02 এপ্রিল 2026

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের আদানি পাওয়ার লিমিটেড এর সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ২০১৭ সালে আদানি পাওয়ার লিমিটেড (ঝাড়খন্ড) এর সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি পুনর্মূল্যায়ন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি এই পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করে।

মন্ত্রী জানান, কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ একটি আইনি প্রতিষ্ঠানের মতামতও নেওয়া হয়েছে।

পর্যালোচনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে করা এই চুক্তি দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিক উচ্চ মূল্যে সম্পাদিত হয়েছিল। ফলে চুক্তির আর্থিক কাঠামো এবং শর্তাবলি পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা উঠে এসেছে।

সরকার বর্তমানে দুটি সম্ভাব্য পথ বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। একটি হলো আন্তর্জাতিক সালিশি আদালতের শরণাপন্ন হওয়া, অন্যটি হলো আলোচনার মাধ্যমে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তির শর্ত সংশোধন করা।

বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ আমদানির ব্যয় কমাতে এবং জ্বালানি খাতে আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই সরকার চুক্তিটি পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত দেশের বিদ্যুৎ বাজার ও জ্বালানি নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman