লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাভারে এনসিপি’র সমাবেশে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

প্রকাশিত: 07 জুলাই 2026

5 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। সোমবার গভীর রাতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সোমবার রাত প্রায় ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। পরে জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি সাভারের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলাকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় দলের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। ঘটনায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কর্মসূচি পরে শেষ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman