লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার জোরদারের বার্তা

প্রকাশিত: 19 ফেব্রুয়ারী 2026

105 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্রাম্প তাঁর মেয়াদকালের সফলতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও গতি পাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা উপকৃত হবেন। একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।

চিঠিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আস্থার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শুরুতেই ওয়াশিংটনের এমন বার্তা আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দেয়। বিশেষ করে ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যৎ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman