দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার ১৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। গুতেরেস বলেন, উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন জরুরি, যাতে দেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ বজায় থাকে।
এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।
জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, গত বছরের ছাত্র-জনতার গণ আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান। প্রতিশোধমূলক সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করবে বলেও সতর্ক করেন তিনি।
