দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যকার বহুল আলোচিত সংলাপ দ্বিতীয় দিনে গড়িয়েছে। পাকিস্তান এর মধ্যস্থতায় চলা এই আলোচনা রোববারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সী।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের সেরেনা হোটেল এ অনুষ্ঠিত এই আলোচনায় ইতোমধ্যে প্রায় ১৫ ঘণ্টা অতিক্রম করেছে। বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক এখনো চলছে এবং উভয় পক্ষ খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে।
এর আগে সরাসরি আলোচনার একটি ধাপ শেষ হওয়ার পর নতুন করে খসড়া বিনিময় শুরু হয়েছে বলে জানানো হয়। আলোচনায় উভয় দেশের কূটনৈতিক ও কারিগরি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যা সমঝোতার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, এই সংলাপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষই একটি কার্যকর সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক প্রভাবের মতো জটিল ইস্যুতে মতপার্থক্য এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
আলোচনা দ্বিতীয় দিনে গড়ানো কূটনৈতিক অগ্রগতির লক্ষণ হলেও চূড়ান্ত সমঝোতার জন্য পারস্পরিক আস্থা ও বাস্তবসম্মত ছাড় অপরিহার্য হয়ে উঠবে।
