লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জিয়া ছিলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনিবার্য চরিত্র

প্রকাশিত: 27 মার্চ 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে “অনিবার্য চরিত্র” হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জিয়াউর রহমানের অবদান খাটো করার চেষ্টা অতীতেও হয়েছে, তবে ইতিহাসই প্রমাণ করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা অপরিহার্য।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সামরিক কর্মকর্তা হিসেবে স্বাধীনতার চেতনা ধারণ করেছিলেন এবং দীর্ঘ মানসিক প্রস্তুতির পর স্বাধীনতার ঘোষণা দেন। তিনি দাবি করেন, শহীদ জিয়ার লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল, যেখানে স্বাধীনতার প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

বক্তৃতায় তিনি বলেন, অতীতকে সম্পূর্ণ ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীত নিয়েই পড়ে থাকাও ভবিষ্যৎ অগ্রগতির পথে বাধা হতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও গবেষণা হতে পারে, তবে তা যেন ইতিহাসের গৌরবকে খাটো না করে।

তারেক রহমান মুক্তিযুদ্ধকে কোনো দলের নয়, বরং “জনযুদ্ধ” হিসেবে উল্লেখ করে বলেন, লাখো মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল্য নতুন প্রজন্মকে উপলব্ধি করতে হবে। তিনি ফিলিস্তিনের জনগণের সংগ্রামের উদাহরণ টেনে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।

বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ রাজনীতি, শিক্ষা ও অর্থনীতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman