দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে একটি বা তার অধিক ভুয়া আইডি খোলা হয়েছে। এই জাল আইডি থেকে বিভিন্ন ব্যক্তি, শিক্ষক, ছাত্র ও কর্মকর্তাদের কাছে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাচ্ছে।
রবিবার (১৭ নভেম্বর) ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেন। তিনি বলেন, “এই ভুয়া আইডি থেকে প্রতারণা বা সাইবার অপরাধের চেষ্টা হতে পারে। সকলে সতর্ক থাকুন এবং কোনো রিকোয়েস্ট গ্রহণ করবেন না।”
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, উপাচার্যের একমাত্র ফেসবুক আইডি হলো Niaz Ahmed Khan—লিঙ্ক: https://www.facebook.com/Khan.niaz.ahmed। যদিও আইডিটি এখনো ভেরিফাইড করা হয়নি। ভুয়া আইডিটি একই নামে হলেও ছোট হাতের অক্ষর, অতিরিক্ত স্পেস বা সংখ্যা যোগ করে তৈরি করা হয়েছে, যা সাধারণত প্রতারকরা করে থাকে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভুয়া আইডি থেকে প্রতারণার জাল বিছানো শুরু হয়।
ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণের পর ব্যক্তিগত তথ্য সংগ্রহ।
মেসেজে লিঙ্ক পাঠিয়ে ফিশিং বা ম্যালওয়্যার ইনস্টল।
অর্থ চাওয়া বা ব্ল্যাকমেইলের চেষ্টা করা।
অফিসিয়াল কার্যক্রমের নামে ছাত্র-শিক্ষকদের প্রতারিত করা।
ঢাবির আইটি সেলের এক কর্মকর্তা জানান, “এই ধরনের ঘটনা বেড়েছে। গত মাসে উপাচার্যের নামে দুটি ভুয়া আইডি রিপোর্ট করা হয়েছে।” ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করার পরও নতুন আইডি খোলা হচ্ছে। বিটিআরসি এবং সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আইডি ব্লক করার চেষ্টা চলছে।
নিজের ফেসবুক আইডি নিরাপদ করতে যা প্রয়োজনীয়:
আইডিটি ভেরিফাইড করুন, অফিসিয়াল আইডিতে ব্লু টিক থাকবে।
প্রোফাইলের তারিখ দেখুন, নতুন তৈরি আইডি নিশ্চই আসলটির অনেক পরে হবে।
ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না, বিশেষ করে অপরিচিত প্রোফাইল থেকে।
আপনার নামে এমন আইডি হয়ে থাকলে রিপোর্ট করুন, ফেসবুকে ‘Report Profile’ অপশন ব্যবহার করুন।
নিজের আইডি কেউ নকল করলে, নিজে সতর্ক হন এবং সতর্ক করুন পরিবার, বন্ধু ও সহকর্মীদের।
ঢাবি প্রশাসন সকলকে অনুরোধ করেছে, কোনো সন্দেহ হলে জনসংযোগ দফতর (০১৭১১-৫৮০৮০৮) বা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলে যোগাযোগ করতে। এই ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত নয়, প্রতিষ্ঠানের সুনামের ওপরও আঘাত করে। সাইবার সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
