লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাঠ প্রশাসনে গতি ফেরাতে প্রথমবার ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 15 নভেম্বর 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে প্রথমবারের মতো বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। এতে দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অংশগ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনে উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন অগ্রাধিকার সম্পর্কে ইউএনওদের সরাসরি দিকনির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় না। ফলে সরকারের নীতি ও অগ্রাধিকার কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

ইতোমধ্যে সম্মেলনের একটি খসড়া কর্মসূচি প্রস্তুত করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়গুলোও গুরুত্ব পাবে।

সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উপজেলা পর্যায়ে চলমান কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম জানিয়েছেন, সম্মেলন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। মাঠ পর্যায়ে ইউএনওদের বহুমুখী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বার্তা ও দিকনির্দেশনা দেওয়া হলে মাঠ প্রশাসনে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, সম্মেলনের মাধ্যমে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন কর্মকর্তারা। একইভাবে সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশা সম্পর্কেও তাঁরা স্পষ্ট ধারণা পাবেন।

তিনি জানান, এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বর্তমান সম্মেলনটি কয়েকটি ভাগে আয়োজন করা গেলে আরও কার্যকর ফল পাওয়া যেত বলে মনে করেন তিনি।

উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে ইউএনওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রকৌশলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় এবং সরকারি নির্দেশনা কার্যকর করার দায়িত্ব তাঁদের পালন করতে হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক নিয়ন্ত্রণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বও রয়েছে তাঁদের।

এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি রক্ষা, উন্নয়ন বরাদ্দের যথাযথ ব্যবহার এবং দুর্যোগের সময় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমেও ইউএনওদের সম্পৃক্ততা থাকে। স্থানীয় প্রশাসনের এই বিস্তৃত দায়িত্বের কারণে মাঠ পর্যায়ের সমস্যা ও সীমাবদ্ধতা সরাসরি সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে আয়োজিত এক সভায় প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আদলে ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জেলা প্রশাসকরা প্রতিবছর সরকারের মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরার সুযোগ পান। একইভাবে ইউএনওরা তাঁদের অভিজ্ঞতা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সেই প্রস্তাবের ধারাবাহিকতায় এবার সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। তবে সম্মেলনে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতামত গ্রহণ এবং পরবর্তী সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি কতটা নিশ্চিত করা যায়, তার ওপরই এ উদ্যোগের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman