দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো। আসামিদের মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন পলাতক।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন এবং সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম।
কারাগারে থাকা ছয় আসামি হলেন মো. আব্দুল্লাহিল কাফী, মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া এবং মিজানুর রহমান।
অন্যদিকে পলাতক ১৩ আসামির মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান এবং শরীফ আশরাফুল আলম বাবুল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। ওই সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ইয়ামিনের বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তাঁর বুকে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাঁজোয়া যানের ওপর তুলে রাখা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে আহত ইয়ামিনকে বহন করে গাড়িটি ওই এলাকায় চলাচল করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে তাঁকে সাঁজোয়া যান থেকে সড়কের ওপর ফেলে দেওয়া হয়। মামলার বিবরণে আরও বলা হয়েছে, গাড়ির ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই পুলিশ সদস্য তাঁকে মৃত মনে করে পায়ে গুলি না করে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজকের পাশে ফেলে রাখেন।
তখনও ইয়ামিনের শরীরে প্রাণের স্পন্দন ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসহাবুল ইয়ামিন ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান থেকে তাঁকে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনাটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি পায়।
গত ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে অভিযোগ গঠনের শুনানি শেষে রোববার বিচার শুরুর আদেশ দেওয়া হলো।
আগামী ১৫ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। অভিযোগের সত্যতা এবং প্রত্যেক আসামির দায় বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
