লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: 28 জুন 2026

65 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলনের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় অনুযায়ী, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার পাঁচ আসামির মধ্যে চারজন বর্তমানে পলাতক রয়েছেন। একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে রায় ঘোষণার সময় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রায় ঘোষণার পর প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য, ডিজিটাল আলামত এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, জীবন বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ছিল অত্যন্ত নৃশংস এবং মানবতাবিরোধী।

অন্যদিকে বিচার চলাকালে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করে, তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। বিশেষ করে সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী আদালতে যুক্তি দেন যে, ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ নেই।

মামলাটির বিচারকাজ শুরু হয় গত বছরের ২৩ অক্টোবর। পরে সাক্ষ্যগ্রহণ, ডিজিটাল আলামত উপস্থাপন, পুনরায় সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের একাধিক দফা যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল গত ১৫ জুন রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন নির্ধারণ করেন।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে রামপুরার এই ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়। নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই রায়ের মাধ্যমে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। তবে দণ্ডপ্রাপ্তদের আপিলের সুযোগ আইন অনুযায়ী বহাল থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman