দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় সংসদে মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে এবং পর্যাপ্ত মজুত রেখে সরবরাহ ব্যবস্থা সচল রাখা হয়েছে।
জ্বালানির দাম বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিদ্যমান আইনের আওতায় প্রতি মাসে মূল্য সমন্বয়ের সুযোগ রয়েছে। গত মাসে দাম সমন্বয় করা হয়নি এবং চলতি মাসে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী সংসদে জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ হওয়ায় বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যয় বেড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাব দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই পড়েছে। ইতোমধ্যে পাকিস্তান জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে এবং শ্রীলঙ্কা রেশনিং ব্যবস্থা চালু করেছে। ভারতসহ অঞ্চলের আরও কয়েকটি দেশ মূল্য সমন্বয় করেছে।
বর্তমান মজুদের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন এবং এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন আসবে। অকটেনের মজুত ১০ হাজার ৫০০ মেট্রিক টন, পাশাপাশি ৭১ হাজার ৫৪৩ মেট্রিক টন আমদানি প্রক্রিয়াধীন। পেট্রলের মজুত রয়েছে ১৬ হাজার মেট্রিক টন এবং এপ্রিলেই আরও ৩৬ হাজার মেট্রিক টন সরবরাহ হবে।
সরকার শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এপ্রিল মাসে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে বলেও জানান তিনি। কৃষকদের কাছে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কৃষক কার্ড বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা এবং জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযানে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।
দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গ্যাসক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে জ্বালানি উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।
