লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৩২

প্রকাশিত: 15 ফেব্রুয়ারী 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা এ তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা নিরাপত্তা সংকট নতুন করে জটিল আকার ধারণ করেছে। এলাকাটিতে আইএসআইএল-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য অপহরণে জড়িত বিভিন্ন ডাকাত চক্রও সক্রিয়।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা হামলা চালায়। সেখানে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীরা পরে কনকোসো গ্রামেও হামলা চালায়।

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা Reuters–কে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয়। তার দাবি, ওই গ্রামে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় থানায়ও আগুন দেওয়া হয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি)–কে একটি মানবাধিকার সংস্থার কর্মী জানিয়েছেন, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছাতে পারে। তার দাবি, অনেককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে এবং অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, হামলাকারীরা তার এক স্বজনকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে। কনকোসোর পর পিসা গ্রামেও হামলা চালিয়ে একটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একজন নিহত হন।

বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman