দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালি দিয়ে যাওয়া প্রতিটি তেলবাহী জাহাজের কাছ থেকে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার ফি আদায়ের দাবি তুলেছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান পরিকল্পনা করছে প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ আদায় করতে। পাশাপাশি প্রতিটি জাহাজকে যাত্রার আগে ইরানি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং নিরাপত্তা পরিদর্শনের মুখোমুখি হতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করলে জাহাজ ধ্বংস করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়। প্রস্তাবিত ফি কার্যকর হলে ইরান দৈনিক প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আন্তর্জাতিক নৌপরিবহন আইন, জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা এটিকে বৈশ্বিক বাণিজ্য চলাচলের ওপর চাপ হিসেবে দেখবে বলেও ধারণা করা হচ্ছে।
হরমুজ প্রণালি বিশ্বের তেল সরবরাহের কেন্দ্রীয় ধমনী হিসেবে পরিচিত। এখানে নতুন আর্থিক বা সামরিক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, জ্বালানি বাজারে অস্থিরতা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: Financial Times,
